সিরাজুর রহমান #
আর্মি রিকগনিশনসহ একাধিক সামরিক বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইটের দেয়া তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরব প্রথম আরব দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে তৈরি টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (THAAD) এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে মোতায়েন করেছে। মূলত নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গত ২ জুলাই দেশটি আনুষ্ঠানিকভাবে প্রথম বারের মতো (THAAD) এয়ার ডিফেন্স সিস্টেমের ব্যাটারি সক্রিয় করেছে।
সৌদি সরকারের নেতৃত্বে থাকা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রশাসন সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ বিলিয়ন ডলারের একটি বৃহৎ প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করে, যার আওতায় সৌদি সেনাবাহিনী পর্যায়ক্রমে THAAD সিস্টেম গ্রহণ করছে। এই চুক্তি অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান রেথিয়ন পর্যায়ক্রমে সৌদি আরবের হাতে এই শক্তিশালী প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তর করছে।
সামরিক সূত্রে জানা গেছে, চুক্তির আওতায় সৌদি আরব ৭টি THAAD ব্যাটারি পাবে, যার মধ্যে রয়েছে (১) ৪৪টি মোবাইল লঞ্চার, (২) ৩৬০টি ইন্টারসেপ্টর মিসাইল, (৩) AN/TPY-2 রাডার ইউনিট এবং (৪) ইন্টিগ্রেটেড ফায়ার কন্ট্রোল সিস্টেম। ইন্টারনেটে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই এয়ার ডিফেন্স সিস্টেমের প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম হতে পারে আনুমানিক ১২.৭ মিলিয়ন ডলার থেকে ১৫ মিলিয়ন ডলার।
বিশ্লেষকদের মতে, ইয়েমেন কিংবা ইরান থেকে আসা সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলা এবং সামগ্রিক সামরিক সক্ষমতা জোরদারের লক্ষ্যেই সৌদি সরকার এই উচ্চপ্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। যার মূল লক্ষ্য হচ্ছে—রাষ্ট্রীয় নিরাপত্তার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করা।
সামরিক বিশ্লেষকরা আরও মনে করেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় সৌদির এই কৌশলগত অগ্রগতি শুধু নিজ দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢালকে শক্তিশালী করে না, বরং এটি ভবিষ্যতে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে একীভূত হয়ে একটি সমন্বিত আঞ্চলিক প্রতিরক্ষা কাঠামো গঠনের সম্ভাবনাও তৈরি করতে যাচ্ছে বলে অনুমান করা হয়।
THAAD হলো রেথিয়ন কর্পোরেশন–নির্মিত একটি অত্যাধুনিক ও উচ্চ প্রযুক্তির মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। যা পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতর ও বাইরের সীমা থেকে আসা স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম। এটি “হিট-টু-কিল” প্রযুক্তি ব্যবহার করে লক্ষ্যবস্তু আকাশেই ধ্বংস করে ফেলে এবং এর সর্বোচ্চ কার্যকরী রেঞ্জ হচ্ছে প্রায় ২০০ কিলোমিটার।
তথ্যসূত্র: Army Recognition, The Arab Weekly, Wikipedia, The Asia Live
(তথ্য ও চিত্র উন্মুক্ত সামরিক ও প্রতিরক্ষা বিশ্লেষণভিত্তিক প্ল্যাটফর্ম থেকে সংগৃহীত।)
-- বিজ্ঞাপন ---

